ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে এনবিআর

ads

২০২৫-২৬ অর্থ বছরের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর। রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনবিআর।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করেছে।


এতে আরও বলা হয়েছে, ‘ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ই ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে মর্মে আরো একটি আদেশ জারী করা হয়েছে’।


এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।


এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি ব্যক্তি করদাতা এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।

ads
ads
ads

Our Facebook Page